আমাদের প্রথাগত শিক্ষার সবচেয়ে বড় বিভ্রমের জায়গাটি হল, আমরা মনে করি — মানুষ সেটাই শেখে যা তাকে একাডেমিক পরিসরে শেখানো হয়।
অথচ যে শিক্ষা একটি মানুষকে সত্যিকার অর্থে মানুষ করে — তাঁকে বাঁচতে শেখায়, যা তাঁর স্বপ্নকে আকার দেয়, যা তাঁর জীবনের সংকটের সময়ে তাঁকে পথ দেখায় — তার বেশিরভাগ আসে ক্লাসরুমের বাইরে থেকে। পাঠ্যক্রমের বাইরের বই থেকে। “শিক্ষক” উপাধিহীন মানুষদের কাছ থেকে। এমন অভিজ্ঞতা থেকে যার কোনো মূল্যায়ন পদ্ধতি নেই, কোনো নম্বর নেই, কোনো সার্টিফিকেট নেই।
আমাদের পরিচিত এই প্রথাগত শিক্ষাব্যবস্থা — যা গত দুশো বছর ধরে মানব সভ্যতার মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছে — এখন তার অস্তিত্বের শেষ দশক গুনছে। এটা কোনো আকস্মিক বিপর্যয় নয়, বরং এক ধীর, নিশ্চিত এবং অপ্রতিরোধ্য ক্ষয়। যেভাবে একটা পুরনো বাড়ির ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে একদিন ভেঙে পড়ে, ঠিক তেমনই শিক্ষার ভিত্তিগত কাঠামো — শ্রেণিকক্ষ, পাঠ্যবই, মানুষ শিক্ষক — এখন ভেঙে পড়ার পথে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে শুরু হবে এই পতনের প্রথম অধ্যায়, এবং ২০৩৫ সালের মধ্যে লেখা হবে শেষ পাতা।
সমস্যাটা শুধু শিক্ষকের অভাব বা বাজেটের ঘাটতি নয়। আসল সমস্যা গভীরে — এই প্রথাগত শিক্ষার মূল দর্শনের মধ্যেই লুকিয়ে আছে এর পতনের বীজ। প্রথাগত শিক্ষাব্যবস্থা তৈরি হয়েছিল শিল্পবিপ্লবের সময়, যখন দরকার ছিল কলকারখানায় কাজ করার জন্য একই রকম দক্ষতাসম্পন্ন শ্রমিক। সবাইকে একসাথে বসিয়ে একই বিষয় পড়ানো, একই পরীক্ষা দেওয়া, একই মাপকাঠিতে মূল্যায়ন — এই পুরো মডেলটাই তৈরি হয়েছিল ব্যাপক উৎপাদনের জন্য, ব্যক্তিবিকাশের জন্য নয়।
১৮৩৫ সালে টমাস ব্যাবিংটন ম্যাকলে তাঁর কুখ্যাত “মিনিট” এ তার পরিকল্পিত শিক্ষাব্যবস্থার প্রকৃতি নিয়ে বলেছিলেন — ‘ভারতবর্ষে এমন একটি শ্রেণি তৈরি করা হবে যারা রক্তে ভারতীয়, কিন্তু মননে সম্পূর্ণ ব্রিটিশ। যারা সাম্রাজ্যের প্রশাসনিক কাজ চালাতে পারবে, কিন্তু সাম্রাজ্যকে প্রশ্ন করবে না।’
ইংল্যান্ডের নিজের মাটিতেও ঠিক একই সময়ে একই ধরনের শিক্ষাব্যবস্থা গড়ে উঠছিল — শিল্পবিপ্লবের চাহিদায়। কারখানার দরকার ছিল শ্রমিক। মেধাবী শ্রমিক নয়, জিজ্ঞাসু শ্রমিক নয়। আজ্ঞাবহ শ্রমিক। যারা সঠিক সময়ে আসবে, নির্দিষ্ট কাজটুকু করবে, প্রশ্ন করবে না।
তখনকার স্কুলগুলি সেই ছাঁচেই তৈরি হয়েছিল। ঘণ্টা বাজলে ক্লাস শুরু, ঘণ্টা বাজলে শেষ। সবাইকে একসাথে একই বিষয় পড়াও, একই গতিতে, একই পদ্ধতিতে। তারপর পরীক্ষা নাও, সার্টিফিকেট দাও, পাঠাও কারখানায়।
ম্যানুফ্যাকচারিং লাইনের মতোই। শুধু পণ্যের বদলে মানুষ।
এই ব্যবস্থার জন্ম থেকেই এর ভেতরে একটি মারাত্মক আত্মহননের বীজ ছিল: ‘সব মানুষ একরকম। সব শিশু একই গতিতে শেখে, একই পদ্ধতিতে বোঝে, একই পরীক্ষায় প্রমাণ করতে পারে নিজেকে।’
এই কনসেপ্টটাই ছিল ভুল। তখনও ভুল ছিল আজও ভুল।
একটা ক্লাসরুমে বসে থাকা পঞ্চাশটি শিশুর মধ্যে কেউ গণিতের সমীকরণ দেখলেই বুঝে যায়, কেউ তিনবার দেখলেও পারে না — অথচ সে গণিত না পারলেও তাঁর লিখিত কবিতা এমন জগৎ তৈরি করে যা বাকি উনপঞ্চাশজনের পক্ষে সম্ভব নয়। আবার কেউ ইতিহাসের তারিখ মুহূর্তে মুখস্থ করে ফেলতে পারে, আবার কেউ পারে না — কিন্তু যে ইতিহাসের তারিখ মনে রাখতে পারেনা সে হয়তোবা মানুষের সাইকোলজি এমনভাবে পড়তে পারে যা তাকে হয়তো একদিন যুগসেরা ঔপন্যাসিক করে তুলবে।
কিন্তু গণিত না জানা বা কোনো নির্দিষ্ট বিষয়ে অদক্ষ সেই শিশুরা? তাঁরা “ব্যর্থ”!
পদ্ধতির ব্যর্থতাকে চাপিয়ে দেওয়া হয়েছে শিশুর কাঁধে, শতাব্দীর পর শতাব্দী ধরে।
একটা ক্লাসরুমে বসে থাকা পঞ্চাশজন শিশুর মধ্যে কেউ গণিতে প্রতিভাবান, কেউ সাহিত্যে, কেউ শিল্পে। কিন্তু সবাইকে একই গতিতে, একই পদ্ধতিতে শেখানো হয়। যে শিশুটি দ্রুত বোঝে, সে বসে থাকে বিরক্ত হয়ে. যে শিশুটি আস্তে শেখে, সে পিছিয়ে পড়ে আত্মবিশ্বাসহীন হয়ে। আর যে শিক্ষক মাঝখানে দাঁড়িয়ে, তিনি চেষ্টা করেন সবাইকে সন্তুষ্ট করতে, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই ঠিকমতো বোঝাতে পারেন না।
এই ব্যর্থতা এতদিন লুকিয়ে ছিল কারণ বিকল্প ছিল না। কিন্তু এখন আছে। এবং সেই বিকল্প শুধু ভালো নয়, হাজার গুণ উন্নত।
এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা (Agentic AI) ও নতুন বিকল্প
এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা — Agentic AI।
এজেন্টিক এআই এমন একটি বুদ্ধিমান সত্তা যে শুধু তথ্য দেয় না — সে বোঝে, বিশ্লেষণ করে, শেখে, এবং প্রতিটি মানুষের জন্য আলাদাভাবে ফিডব্যাক দেয়।
চীনে এখন প্রতি সপ্তাহে দশ কোটি শিশু এমন একটি সিস্টেমের মুখোমুখি বসে যেটা তাদের প্রতিটি দুর্বলতা চিহ্নিত করে, শেখার ব্যক্তিগত ছন্দ বোঝে, এবং ঠিক সেভাবেই পাঠ তৈরি করে যেভাবে ওই শিশুটি সবচেয়ে ভালো বোঝে। দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কোনো স্কুল নেই, যেখানে শিক্ষকের মুখ কখনো দেখেনি কেউ, সেখানে সংগ্রহে থাকা ছয় লক্ষ শিশু হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চ্যাটবটের সাথে কথা বলে গণিত, ভাষা এবং বিজ্ঞান শিখছে।
এই সিস্টেম ক্লান্ত হয় না। রাগ করে না। বেতন চায় না। প্রিয় শিক্ষার্থী আর অপ্রিয় শিক্ষার্থীর মধ্যে ফারাক করে না। প্রতিটি প্রশ্নের উত্তর দেয়, যতবার দরকার ততবার — বিরক্তির ছায়া ছাড়া।
একজন মানুষ শিক্ষক কি এটা পারেন? একসাথে পঞ্চাশটি শিশুর শেখার গতি, মনের অবস্থা, বোঝার পদ্ধতি — সবকিছু একযোগে ধরার সামর্থ্য একটি মস্তিষ্কের নেই। শুধু সময়ের অভাবে নয়, মানবিক সামর্থ্যের স্বাভাবিক সীমানার কারণেও। এই সত্যটা বলা শিক্ষকদের অপমান করা নয় — এটা স্বীকার করা যে মানুষের সীমা আছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সেই সীমাবদ্ধতা নেই।
আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (AGI) ও শিক্ষার ভবিষ্যৎ
আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স — AGI। যখন মেশিন কেবল বিশেষ ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে মানুষের সমকক্ষ বা মানুষের চেয়ে উৎকৃষ্ট হয়ে উঠবে। বুদ্ধিমত্তার যে ক্ষেত্রে মানুষ এতদিন একা ছিল সব কিছু ছিল মানুষের একার অধিকারে, সেখানে আর একা থাকবে না এখন তার বুদ্ধিমত্তা চ্যালেঞ্জের মুখোমুখি।
কবে আসবে? বিশেষজ্ঞরা বলছেন ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে। মাত্র কয়েক বছর আগে এই সময়সীমা ছিল ২০৬০-২০৭০। প্রযুক্তি এগোচ্ছে মানুষের কল্পনার চেয়েও দ্রুত।
মানে ভবিষ্যতে এমন দেখা যাবে যে — একটি শিশু জন্মাল। তার সাথে জুড়ে গেল একটি সত্তা — AGI। এই এজিআই কিন্তু সম্পূর্ণ তার জন্য নিবেদিত, একেবারে তাঁর জন্য তাঁর নিজস্ব। সেই সত্তা জানে শিশুটির প্রতিটি প্রশ্ন, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ভয়, প্রতিটি আনন্দ। সে শিশুটিকে শেখায়, কিন্তু শিশুটির নিজস্ব গতিতে, শিশুটির নিজের ভাষায়, তার পছন্দের পথে। যখন শিশুটি রসায়ন শিখছে, ছুঁয়ে দেখছে ত্রিমাত্রিক অণু, হয়তোবা ভার্চুয়াল ল্যাবে নিজে হাতে মিশ্রণ তৈরি করছে। যখন ইতিহাস পড়ছে, হাঁটছে মুঘল দরবারে, শুনছে আকবরের বিতর্ক, অনুভব করছে পলাশীর মাঠের বাতাস।
এটা কল্পবিজ্ঞান নয়। প্রযুক্তি দরজায় দাঁড়িয়ে।
এবং যখন এজিআই আসবে — তখন প্রথাগত শিক্ষার যা কিছু অবশিষ্ট থাকবে, সব চুরমার হয়ে যাবে। পাঠ্যবই, পরীক্ষা, শ্রেণিকক্ষ, ডিগ্রি — এ সব কিছুই হয়তো ভেঙে পড়বে জরাজীর্ণ ইমারতের মত।
পতনের টাইমলাইন: ২০২৬ থেকে ২০৩৫
২০২৬ থেকে ২০২৮ — প্রথম বড় ধাক্কা। আমেরিকায় ছোট কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সংকটে বন্ধ হতে শুরু করছে। শিক্ষকের পদ কমছে। শিক্ষার্থীরা এআই-চালিত প্ল্যাটফর্মের দিকে সরে যাচ্ছে। পূর্ব এশিয়ায় — চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায় — মুখস্থনির্ভর, পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা এআই দিয়ে প্রতিস্থাপন করা সবচেয়ে সহজ। সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে।
২০২৯ থেকে ২০৩২ — ব্যাপক শিক্ষক ছাঁটাই। ইউরোপ, আমেরিকা, এশিয়ায় লক্ষ লক্ষ মানুষ কাজ হারাবেন। সামাজিক অস্থিরতা বাড়বে। কিন্তু পরিবর্তন থামবে না। কারণ পরিবর্তন থামানোর ক্ষমতা কোনো সরকারের নেই।
২০৩৩ থেকে ২০৩৫ — এজিআই। এবং যখন আসবে, তখন যা কিছু অবশিষ্ট থাকবে, সব ধুয়ে যাবে।
মানে ২০৩৫-২০৩৬ সাল নাগাদ যে শিশু জন্ম নিচ্ছে, সে বড় হবে “স্কুলে যাওয়া” বলতে কী বোঝায় না জেনে। “শিক্ষক” শব্দটি তার কাছে হবে ইতিহাসের বই থেকে পড়া একটি প্রাচীন পেশার নাম — ঠিক যেমন আজকের মানুষের কাছে “কোচোয়ান” বা “রানার”।
যে পরিবর্তন আমরা না চাইলেও অনিবার্য
কেন এই পরিবর্তন থামানো যাবে না? চারটি কারণ, চারটিই অকাট্য।
১. অর্থনীতি
প্রথমত, অর্থনীতি। প্রথাগত শিক্ষা ক্রমশ অলাভজনক হয়ে পড়ছে। শিক্ষকের বেতন, ভবনের রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো — মিলিয়ে বিশাল আর্থিক বোঝা, যার ভার বছরের পর বছর ভারী হচ্ছে। অন্যদিকে একটি এআই সিস্টেম একবার তৈরি হলে প্রায় বিনামূল্যে কোটি শিক্ষার্থীকে একসাথে সেবা দিতে পারে। ব্যবসায়িক যুক্তিটা এত সরল যে তর্কের জায়গা নেই।
২. গুণমান
দ্বিতীয়ত, গুণমান। এখানে নিষ্ঠুর সত্যটা হল: বেশিরভাগ শিক্ষক ততটা ভালো পড়াতে পারেন না যতটা একটি উন্নত এআই পারে। এটা তাঁদের দোষ নয় — তাঁরা অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত, অপ্রতুল বেতনে হতাশ, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া দুর্বল। তাঁরা যথাসাধ্য করেন। কিন্তু “যথাসাধ্য” আর “সর্বোচ্চ” এক জিনিস নয়।
৩. চাহিদা
তৃতীয়ত, চাহিদা। আজকের শিক্ষার্থী ব্যক্তিগতকৃত শিক্ষা চায় — নিজের গতিতে, নিজের আগ্রহে। প্রথাগত ব্যবস্থা এটা দেওয়ার মতো গঠিতই নয়। তৈরি হয়েছিল অভিন্নতার জন্য, বৈচিত্র্যের জন্য নয়।
৪. প্রযুক্তির অমোঘ গতি
চতুর্থত, প্রযুক্তির অমোঘ গতি। ইন্টারনেট যেমন ছড়িয়েছে, মোবাইল ফোন যেমন ছড়িয়েছে — এজিআই তার চেয়েও দ্রুত ছড়াবে। কারণ এটা সরাসরি মানুষের সবচেয়ে গভীর চাহিদার একটি পূরণ করে: জানার তৃষ্ণা। এই তৃষ্ণার বিরুদ্ধে কোনো নিয়ম, কোনো সরকার, কোনো আইন বেশিদিন দাঁড়াতে পারে না।
হয়তো ভেঙে যাবে অনেক প্রতিষ্ঠান ! কাজ হারাবে অনেকে
অপ্রিয় সত্যি:
কোটি মানুষ কাজ হারাবেন। শিক্ষক, প্রশাসক, পরীক্ষক, পাঠ্যবই লেখক, কোচিং সেন্টারের মালিক — এই পুরো বিশাল ইকোসিস্টেম ভেঙে পড়বে। যন্ত্রণাদায়ক হবে। পরিবার অনিশ্চয়তায় পড়বে, স্বপ্ন মিলিয়ে যাবে।
কিন্তু ইতিহাস একটি নির্মম সত্য বারবার জানিয়েছে।
শিল্পবিপ্লব লক্ষ লক্ষ তাঁতিকে পথে বসিয়েছিল। মুর্শিদাবাদের মসলিন শিল্প ধ্বংস হয়েছিল। তবু সভ্যতা এগিয়েছে। ডিজিটাল বিপ্লব টাইপিস্ট, টেলেক্স অপারেটর, ফিল্ম প্রিন্টিং কর্মী — অসংখ্য পেশা মুছে দিয়েছে। নতুন পেশা এসেছে।
প্রযুক্তিগত পরিবর্তন কখনো মানবিক সহানুভূতির জন্য অপেক্ষা করেনি। এবারেও করবে না।
এই বিপর্যয়কে ছোট করা হচ্ছে না। কিন্তু থামানোর কথা ভাবাও বাস্তবসম্মত নয়। যা করা সম্ভব — এবং করা উচিত — তা হলো এই রূপান্তরটাকে যতটা পারা যায় সুষ্ঠুভাবে পরিচালনা করা। যাঁরা হারাবেন, তাঁদের নতুন দক্ষতায় প্রস্তুত করা।
অন্যরকম আশার আলো
এবং এখানেই আসে সেই কথা যা মানব ইতিহাসে আগে কখনো বলা সম্ভব হয়নি।
প্রথমবারের মতো — সত্যিকার অর্থে প্রথমবারের মতো — প্রতিটি শিশু তার জন্মস্থান, অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ, ধর্ম, ভাষা নির্বিশেষে পাবে বিশ্বমানের, সম্পূর্ণ ব্যক্তিগতকৃত শিক্ষা।
সুন্দরবনের কোনো দ্বীপে যে মেয়েটি সকালে মাছ ধরার জাল বোনে, সে বিকেলে একটি এআই টিউটরের সাথে জ্যোতির্পদার্থবিজ্ঞান শিখতে পারবে। মুর্শিদাবাদের যে ছেলেটি বোর্ডের পরীক্ষায় ফেল করেছে কারণ মুখস্থ করতে পারে না — কিন্তু যার যুক্তিবুদ্ধি অসাধারণ, যার প্রশ্ন করার ক্ষমতা অসামান্য — সে পাবে এমন একটি শিক্ষক যে তার শক্তিকে ব্যবহার করে তাকে গড়বে, তার ভিন্নতাকে ত্রুটি বলে দাগিয়ে দেবে না।
নিউইয়র্কের ধনী পরিবারের সন্তান আর ঝাড়খণ্ডের আদিবাসী গ্রামের মেয়ে — দুজনেই পাবে একই মানের, একই নিবেদিত, একই অক্লান্ত শিক্ষক।
এই সমতা মানব ইতিহাসে আগে আসেনি। গুটেনবার্গের ছাপাখানা যে বিপ্লব এনেছিল, এটা তার চেয়ে হাজার গুণ বড়। কারণ ছাপাখানা জ্ঞান সহজলভ্য করেছিল, কিন্তু ব্যাখ্যা করেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করবে — প্রতিটি মানুষের জন্য আলাদাভাবে, তার নিজের ভাষায়, তার নিজের বোঝার পদ্ধতিতে।
প্রতিভা আর নষ্ট হবে না দারিদ্র্যে, ভূগোলে বা ভাগ্যের নিষ্ঠুরতায়।
একটি ইতিহাসের পরিসমাপ্তি
একটা যুগ শেষ হচ্ছে।
সেই যুগের সবচেয়ে মানবিক প্রতীক ছিলেন একজন শিক্ষক। যিনি চকে হাত সাদা করে বোর্ডে লিখেছেন, যাঁর গলার স্বর পঞ্চাশটি শিশুর মাথায় ঢুকে গেছে, যাঁর একটা ছোট মন্তব্য হয়তো কোনো শিশুকে সারাজীবনের পথ দেখিয়েছে। সেই মানুষটির জায়গায় আসছে এমন কিছু যে তাঁর চেয়ে ভালো পড়াবে, বেশি ধৈর্য নিয়ে পড়াবে, বেশি মানুষকে পড়াবে।
এটা ভীষনই কষ্টের।
তবুও একটা চিরচারিত প্রশ্ন থাকে। শিক্ষার আসল উদ্দেশ্য কী — শিক্ষক-প্রতিষ্ঠান টিকিয়ে রাখা, নাকি শিক্ষার্থীকে আলো দেওয়া?
প্রথাগত শিক্ষার সূর্য অস্ত যাচ্ছে। এই অস্তাচলকে ঠেকানো অসম্ভব।